জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বজুড়ে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা ঢাকার বাতাস আজও রয়েছে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায়।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৭৫ একিউআই স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এই মাত্রার বাতাস নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
একই সময়ে ২৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শহর সাংহাই এবং ২৩২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এই দুই শহরের বাতাসের মানও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ২০১ থেকে ৩০০ হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, শ্বাসযন্ত্রের সংক্রমণ, ফুসফুসের ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
চিকিৎসকরা দূষিত বাতাসে বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

