সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে আজ শুক্রবার, ১৬ জানুয়ারি থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। ক্রিকেটারদের বয়কটের কারণে স্থগিত হওয়া দুটি ম্যাচ আজই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান এই ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
এর আগে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিসিবি কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি ও ক্রিকেটারদের মধ্যে একাধিক বৈঠকের পর অবশেষে সমাধানে পৌঁছায় দুই পক্ষ।
স্থগিত হওয়া নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালসের ম্যাচটি আজ দুপুর ২টায় এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানসের ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। আজকের পূর্বনির্ধারিত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো হবে রোববার।
এদিকে সূচি পরিবর্তনের কারণে এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ একদিন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামের মন্তব্য ঘিরেই এই সংকট তৈরি হয়। পরে তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি, যে সিদ্ধান্তকে স্বাগত জানায় কোয়াব।
এছাড়া ক্রিকেটাররা ঢাকার ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফিক্সিংয়ের অভিযোগে অঘোষিত নিষেধাজ্ঞা-এই বিষয়গুলোতেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়েছেন বলে জানানো হয়েছে।

