লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা আগেই ধারণা করেছিলাম দুইশর বেশি আসন পাবো—সেটাই হয়েছে। জামায়াত যে আসনগুলো পেয়েছে, আমি মনে করি তারা বেশিই পেয়েছে, কম পায়নি। সুতরাং বিরোধী দলের অবস্থানে থেকে তারা নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এ্যানি চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে তিনি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
এ্যানি বলেন, নির্বাচন শেষ হয়েছে। লক্ষ্মীপুরের মানুষ আমাদের যে আমানত দিয়েছে, তা অত্যন্ত দায়িত্বের সঙ্গে রক্ষা করতে হবে। দীর্ঘ অপেক্ষা ও প্রতীক্ষার পর আমরা এই নির্বাচন পেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এবং আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি একসময় লক্ষ্মীপুর থেকে নির্বাচন করেছেন। তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি জয়ী হয়েছে। এর আগে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও বিএনপি এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং নির্বাচিত হয়েছে। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তবে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। চারটি আসনেই বিজয়ী হতে পেরেছি।
এ্যানি লক্ষ্মীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চারটি আসনের সব পর্যায়ের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা এবং শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাদের সম্পৃক্ত রাখা। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দায়িত্ব পালন করতে সক্ষম হবো।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা অতীতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। তিনি আমাদের সরাসরি দিকনির্দেশনা দিয়েছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে কাজগুলো করবো, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই বাস্তবায়ন করা হবে।

