মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে সেখানে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার সন্ধ্যার মধ্যে সেনাদের ঘাঁটি ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে বলে কূটনীতিকদের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আল উদেইদ ঘাঁটিতে বর্তমানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।
রয়টার্স জানায়, তিনজন মার্কিন কূটনীতিকের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানান, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে-ওয়াশিংটনের এমন সতর্কবার্তার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, গত বছর ইরানে বিমান হামলা শুরু করার এক সপ্তাহেরও বেশি আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে কিছু সেনা ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলার পর কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

