ক্রিকেটারদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বোর্ড জানায়, আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেওয়া হবে।
অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
এর আগে ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানায়, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে এম নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বিসিবি পুনর্ব্যক্ত করে জানায়, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে চলমান সংকটময় পরিস্থিতিতে পেশাদারত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছে বোর্ড।
এদিকে ঢাকা পর্বের প্রথম ম্যাচ আজ দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাঠে নামেননি কোনো দলের ক্রিকেটাররা। পরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-কোয়াব। সেখানে দাবিগুলো মানা না হওয়া পর্যন্ত মাঠে না ফেরার সিদ্ধান্তের কথা জানান ক্রিকেটাররা।

