নির্বাচনি আচরণ বিধিমালা পরিপন্থি কার্যক্রমের অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।
তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন থেকে মো. গিয়াস উদ্দিন তাহেরিকে একটি সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ÔTHE SPEECHÕ নামক একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি ১৮-এর লঙ্ঘন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে। এ কারণে নির্বাচনপূর্ব সময়ে ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া নোটিশে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়, আচরণবিধি লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটলে তার বিরুদ্ধে জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
হবিগঞ্জ

