ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাইযোদ্ধারা।
বন্দর কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তের আওতায় তাদের চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার, ১২ জানুয়ারি চুক্তি সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ কার্যকর হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন- আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা দপ্তরাদেশে জানানো হয়, বন্দরের কাজের স্বার্থে তাদের বিভিন্ন বিভাগে ‘প্রশিক্ষণ সেবা সহযোগী’ অথবা ‘সহকারী’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ ও নৌ-প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করবেন।
আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগগুলো প্রতি মাসে তাদের হাজিরা শিট প্রশাসন বিভাগে পাঠাবে। এর ভিত্তিতে অর্থ ও হিসাব বিভাগ ব্যাংক হিসাবের মাধ্যমে মাসিক সেবামূল্য পরিশোধ করবে। আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ ব্যাংক হিসাবের তথ্য জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, জুলাইযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরকারের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী পারিশ্রমিক পাবেন।

