গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতি (৩৫) ও তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর শিলমুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি টঙ্গীর তিস্তারগেট এলাকায় জনৈক নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তার সঙ্গে থাকা শিশু সন্তান জুনায়েদও দুর্ঘটনায় প্রাণ হারায়।
পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে জান্নাতি তার ছেলে জুনায়েদকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেললাইন অতিক্রম করছিল। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় তাদের দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তবে এটি অসতর্কতাজনিত দুর্ঘটনা নাকি আত্মহত্যা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) রহিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে যুগান্তর-কে বলেন, “খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

