যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী রামা রাজু মান্তেনার মেয়ে নেত্রা মান্তেনার বিয়ের আসর বসেছিল রাজস্থানের উদয়পুরে। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে বলিউড তারকারা ছাড়াও হাজির ছিলেন ডোনাল্ড ট্রাম্পের হবু পুত্রবধূসহ গায়িকা–অভিনেত্রী জেনিফার লোপেজ। শুধু বিয়ের অনুষ্ঠানই নয়, পুরো আয়োজন যেন রূপ নিয়েছিল ‘জেনিফার লোপেজ কনসার্টে’।
শিল্পপতি রামা রাজু মান্তেনার মেয়ে নেত্রা মান্তেনার সঙ্গে ব্যবসায়ী ভামসি গাদিরাজুর বিয়ে হয় তিন দিনের জমকালো আয়োজনে। অনুষ্ঠান শুরু হয় ২১ নভেম্বর, শেষ হয় ২৩ নভেম্বর। সেই বিয়ের ভেন্যু ছিল উদয়পুরের ঐতিহাসিক তাজ লেক প্যালেস ও জগমন্দির আইল্যান্ড প্যালেসে।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। শুধু অতিথি হিসেবেই নয়, অনেকেই নবদম্পতির জন্য পারফর্মও করেন। অভিনেতা রণবীর সিং, শহীদ কাপুর, মাধুরী দীক্ষিত, কৃতি শ্যানন, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি, করণ জোহরসহ বহু তারকাকে দেখা যায় সেখানে। আন্তর্জাতিক অতিথিদের মধ্যে জেনিফার লোপেজ ছাড়াও ছিলেন জাস্টিন বিবার, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার বান্ধবী।
নেত্রা ও ভামসির বিয়ের অনুষ্ঠানে মঞ্চ কাঁপানো পারফরম্যান্সের পর ভারতে জেনিফার লোপেজের জনপ্রিয়তা যেন আরও বেড়ে গেছে। ২২ নভেম্বর ভারতে প্রথমবার আসেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে তিনি ‘ওয়েটিং ফর টুনাইট’, ‘গেট অন দ্য ফ্লোর’, ‘প্লে’, ‘সেভ মি টুনাইট’, ‘গেট রাই’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন লোপেজ। কিন্তু এত বড় আয়োজনে পারফর্ম করার জন্য জেনিফার লোপেজের পারিশ্রমিক কত?
সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেনিফার লোপেজ নিয়েছেন প্রায় ১৮ কোটি রুপি। এ পারফরম্যান্সের জন্য শুরুতে তিনি পরেছিলেন স্টাইলিশ কাটআউটসহ একটি কালো বডিস্যুট। পরে আয়নার কাজখচিত সোনালি বডিস্যুটে তার লুক সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে পপতারকা হিসেবে পরিচিত জেনিফার লোপেজের ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনেত্রী হিসেবে। নব্বইয়ের দশকে একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করেন। অভিনেত্রী হিসেবে তিনি প্রতি সিনেমায় আনুমানিক এক কোটি মার্কিন ডলার পারিশ্রমিক নেন। ১৯৯৯ সালে গানের জগতে পা রাখার পর থেকে সংগীত থেকেও তিনি বিপুল আয় করেন। বিশেষ করে রয়্যালটি থেকে। এর পাশাপাশি তিনি সুগন্ধি, ককটেলসহ বিভিন্ন পণ্যের একটি শক্ত ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন। এসব মিলিয়ে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪০ কোটি মার্কিন ডলার।

