ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী এ দুটি আসনের ভোট কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে কোনো নির্বাচনী কার্যক্রম চলবে না।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
দেশের ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনে সাদা রঙের ব্যালট এবং গণভোটে গোলাপি রঙের ব্যালট ব্যবহার করা হবে।
এদিকে, মনোনয়নপত্র বাছাই শেষে বর্তমানে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চলছে, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

