গতকাল সোমবার ফরিদপুরের ঐতিহ্যবাহী বাইশ রশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির উদ্যোগে বিশাল আকারের বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠার নির্দেশদাতা, মহান আল্লাহর ওলী হযরত মাওলানা শাহ সূফি খাজা বাবা ফরিদপুরী (রহমতুল্লাহি আলাইহে)–এর ওফাত দিবস উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে আনুমানিক ৩০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এবং লক্ষাধিক অন্যান্য ধর্মাবলম্বী শান্তিকামী মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল, মহাসচিব শামীম হায়দারসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে ওয়াক্তিয়া ফরজ, সুন্নত ও নফল নামাজ আদায়ের পাশাপাশি দফায় দফায় মিলাদ শরীফ, ওয়াজ ও নসিহত অনুষ্ঠিত হয়।
রাত ৯টায় প্রায় ৩০ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন,
“জাকের পার্টি যতদিন এ দেশে থাকবে, ততদিন কোনো অপশক্তিকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে দেওয়া হবে না। যেখানে সবাই ব্যর্থ হবে, সেখান থেকেই জাকের পার্টি বাংলাদেশের হাল ধরবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের নামে দেশকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন, দেশের স্বার্থে প্রশাসনের অনুমতি নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সারাদেশে থানা, উপজেলা, জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ে ব্যাপক র্যালি ও জনসভার মাধ্যমে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ করতে হবে।
মহাসম্মেলন উপলক্ষে কয়েক বর্গকিলোমিটার এলাকাজুড়ে মানুষের ঢল নামে এবং পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
আজ মঙ্গলবার বাদ ফজর খাজা বাবা ফরিদপুরী (রহমতুল্লাহি আলাইহে)–এর রওজা শরীফ জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

