সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বরং বেগম খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে শোকসভায় প্রধান উদ্যোক্তা হিসেবে থাকছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ গভীর শোকে নিমজ্জিত হয়। নাগরিক সমাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ করা এবং তার আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়ার দায়বদ্ধতা থেকেই এই শোকসভার আয়োজন।
তিনি আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও কেউ বক্তব্য দেবেন না। কেবল বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখবেন।
শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং পাহাড়ি জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
শোকসভার গাম্ভীর্য রক্ষায় অনুষ্ঠানস্থলে সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ করা হয়েছে। অংশগ্রহণকারীদের সাদা-কালো পোশাক পরিধানের অনুরোধ জানানো হয়েছে।
দুপুর ১২টা থেকে গেট নম্বর ৬ দিয়ে প্রবেশ করা যাবে এবং আসাদ গেট দিয়ে বের হতে হবে। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশের সুযোগ থাকবে না। মিডিয়াকর্মীদের ক্ষেত্রেও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, নাগরিক শোকসভাটি যেন মর্যাদাপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

