ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলো- উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪), সাদী (১১), মহেশপুর গ্রামের নাঈমের স্ত্রী জোতি (৩৩), ইয়ানা (৫)।
অসুস্থদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সিঙ্গারবিল বাজার থেকে রসমালাই কিনে বাসায় নিয়ে গেলে দুই পরিবার মিলে খাওয়া-দাওয়া করে। পরে উভয় পরিবারের ৫ জন অসুস্থ বোধ করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে বেকারির মালিক জামাল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন আমাদের প্রতিষ্ঠান থেকে ৩০ থেকে ৪০ কেজি রসমালাই বিক্রি হয়। দিনের উৎপাদিত রসমালাই দিনেই শেষ হয়ে যায়। এমন ঘটনা কখনো ঘটেনি। ঘটার কথাও নয়। তবে তিনি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়ি যাবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঞা বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

