সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের তিন সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এ মামলাটি করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসন এ তথ্য জানান।
দুদক জানায়, কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সন্তান ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও তানিশা আলমের নামে গত বছরের ২৭ নভেম্বর তিনটি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। তবে তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধির আবেদনও করেননি।
নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

