শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ মাস্টার গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় জামায়াত কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন প্রবেশ করেছেন—এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি)। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি খাম এবং অর্থ বিতরণ সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের মধ্যে মাস্টার গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস গণমাধ্যমকে জানান, ইউএনও’র মাধ্যমে খবর পেয়ে তিনি অভিযান পরিচালনা করেন এবং ঘটনাস্থল থেকে নগদ অর্থ ও সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাই-বাছাই শেষে দণ্ড প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কে এম মকবুল হোসাইন বলেন, আটক ব্যক্তি একজন শিক্ষক এবং দলের কর্মী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

