ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার রোমে এক সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, “মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। ইতালি সেই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “ইসরাইলের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফিলিস্তিনিদের ন্যায্য রাষ্ট্র পাওয়ার অধিকারও অস্বীকার করা যায় না। ইতালি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে চায়।”
সম্প্রতি স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর ইউরোপে এই বিষয়ে নতুন আলোচনা শুরু হয়। এবার সেই ধারায় যোগ দিতে যাচ্ছে ইতালি।
মেলোনি জানান, বিষয়টি নিয়ে ইতালির সংসদে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ ইতালির এই ঘোষণাকে “ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ” হিসেবে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছে, ইউরোপের আরও দেশকে এই পথে এগিয়ে আসতে হবে যাতে দখলদারিত্ব ও সহিংসতার অবসান ঘটে।
বিশ্লেষকদের মতে, ইতালির এই সিদ্ধান্ত ইউরোপীয় কূটনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ইতালির ভূমিকা আরও জোরদার হবে।

