দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস—সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
এর ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানায়, সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের ঘোষণা দেওয়া হয়। নতুন মূল্য আগামীকাল ১৩ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ উঠেছিল দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়।
সংগঠনটি বলছে, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।
এদিকে, সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য আন্তর্জাতিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গ জানায়, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।
একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা।

