বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন। আজ বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
দলের কর্মসূচি অনুযায়ী, ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে বেলা ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে জনসভায় অংশ নেবেন।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং সর্বশেষ ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।
দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। আজ ও আগামী সোমবার এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন।
এর আগে শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

