কুমিল্লার মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালুসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে পর্যায়ক্রমে বিনামূল্যে কৃষিযন্ত্র পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এছাড়া সরকার ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। সরকারের সকল কার্যক্রম জনগণের কল্যাণে পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন ধর্মমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে মোট ১৬৭টি কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র, ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প এবং ২০টি ধান মাড়াই যন্ত্রসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম। এসব উপকরণ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ব্লক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

