ভারতের সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ফেনী জেলার ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
রোববার (১০ মে) জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি সন্দেহজনক চলাচল ঠেকাতে বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সীমান্তসংক্রান্ত যেকোনো অপরাধের তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে।
এম এম জিল্লুর রহমান বলেন, ভারতের নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে পুশইন, মাদক, গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় বিজিবির কড়াকড়ি বাড়ানোর কারণে চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

