বাংলাদেশে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহী শিক্ষা ও জ্ঞানচর্চার ঐতিহ্যবাহী নগরী হিসেবে পরিচিত, এবং এখান থেকেই প্রথম স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন হতে পারে।
শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে “বাংলাদেশে স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নে কাজ করছে। নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা চালুর মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালু করাও সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি আরও বলেন, “রাজশাহী আমাদের গর্ব, এটি আমাদের শেকড়। এই শহরের উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।” তিনি স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবকে সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
স্থান নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বড় পরিসরের জায়গা প্রয়োজন হবে। এ ক্ষেত্রে নওদাপাড়ায় পূর্বে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত খাস জমি বিবেচনায় আনা যেতে পারে বলেও তিনি মত দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম. রফিকুল ইসলাম। এছাড়াও আলোচনায় অংশ নেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এবং ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর ও পিএইচডি ফেলো শারমিন আক্তার শান্তা।

