নীলফামারীতে রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে খুলনা মেইল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর–চিলাহাটি রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি নীলফামারী স্টেশনে যাত্রাবিরতি শেষে খয়রাতনগর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর ঝড়ে ভেঙে পড়া একটি বড় গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার পরই সৈয়দপুর থেকে চিলাহাটি রুটে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রাও সাময়িকভাবে বাতিল করে সৈয়দপুর স্টেশন থেকে বিকল্পভাবে চলাচলের ব্যবস্থা করা হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিঠুন রায় বলেন, “লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে। রেললাইন সচল করতে আরও কিছু সময় লাগবে। আশা করছি, বিকেলের মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।”

