শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিশেষ অভিযানে পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।
আটকরা হলেন—ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটি থামানোর সংকেত দিলে ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

