বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দীর্ঘদিনের অবকাঠামোগত ও একাডেমিক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে এসে তিনি এ আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
পরিদর্শন শেষে প্রশাসনিক ভবন-১ এর সামনে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ মন্ত্রীর সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরেন। তিনি বলেন, ১৬ বছর আগে প্রতিষ্ঠিত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যাপ্ত একাডেমিক ভবন, আবাসিক হল, পাকা সড়ক ও অডিটোরিয়াম নেই।
তিনি আরও জানান, মাত্র ৫০ একর জায়গার মধ্যে সীমিত সুযোগ-সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। দ্রুত ডিপিপি অনুমোদন, জমি অধিগ্রহণ এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান উপাচার্য।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “দীর্ঘ ১৫ বছরে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কেন হয়নি? খুব অল্প সময়ের প্রস্তুতিতে ভিসির আমন্ত্রণে বরিশালে এসেছি। শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, জমি অধিগ্রহণ সম্ভব না হলে বিকল্প হিসেবে ‘ক্যাম্পাস-২’ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হবে।
শিক্ষামন্ত্রী জানান, সরকার এবার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে হবে। উন্নয়ন প্রক্রিয়া চলমান রয়েছে।”
শিক্ষামন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরিদর্শন শেষে তিনি খুলনার উদ্দেশে ক্যাম্পাস ত্যাগ করেন।
এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকেও শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে একাডেমিক ভবন, আবাসিক হল সংকট নিরসন এবং ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবি জানানো হয়।

