চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি না করিয়ে ছাড়পত্র দিয়ে চমেক হাসপাতালে প্রেরণের সময় হাসপাতালের পাশের জঙ্গলে সন্তান প্রসবের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
এতে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন গাইনি চিকিৎসক, আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার) এবং নার্স ইনচার্জকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার পটিয়ার জঙ্গলে প্রসূতির সন্তান প্রসব সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে চট্টগ্রামজুড়ে তোলপাড় শুরু হয়। সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে যুগান্তরের ওই সংবাদ কাটিং শত শত লোকজন পোস্ট দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নানা সমালোচনা করেন।
গত শনিবার রাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের জঙ্গলে সন্তান প্রসবের ওই ঘটনায় অভিযোগ উঠে প্রসূতির সন্তান অর্ধেক বের হয়ে আসার পরও লেবার ওয়ার্ডের নার্সরা প্রসব করাতে অস্বীকৃতি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। নিচে নামানোর পরপরই প্রসূতির অবস্থা আরও বেগতিক হলে লোকচক্ষুর আড়াল হতে ওই প্রসূতি হাসপাতালের অভ্যন্তরের জঙ্গলে গিয়ে কন্যা সন্তানের জন্ম দেন। এরপর তাদের সেখান থেকে হাসপাতালের লেবার ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়।
বিষয়টি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হলে লোকজনের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হলে কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করেন।

