যশোর উপশহর মাঠকে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের-বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, আমরা প্রতিহিংসায় নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী।
শুক্রবার বিকালে যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
যশোর উপশহর মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বাফুফে সভাপতি আরও বলেন, সমাজে সমতা ও বন্ধুত্ব সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়ায় মেয়েরা এখন নেতৃত্ব দিচ্ছে। তৃণমূল পর্যায় থেকে তাদের গড়ে তুলতে হবে। ক্রীড়াঙ্গনে যশোরের একটা ঐতিহ্য আছে। এখান থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে সুযোগ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সে ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, যশোর বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম প্রমুখ।
এর আগে মনোজ্ঞ ডিসপ্লে করে শিশু শিল্পীরা। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিথিরা।

