দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের ক্ষেত্রে প্রার্থীর নাম ও প্রতীকসম্বলিত সাধারণ ব্যালট ব্যবহারের দাবি জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানায়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
পোস্টাল ব্যালট বিষয়ে তিনি বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালট সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নাম ও প্রতীকসহ যে সাধারণ ব্যালট ব্যবহৃত হয়, সেটিকেই ওই এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছে বিএনপি। সব আসনের ব্যালট সব জায়গায় পাঠানোর প্রয়োজন নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রত্যেক নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট সব প্রার্থীর নাম ও প্রতীকসহ সাধারণ ব্যালটই পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে কমিশন ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে আইনগত ও আচরণবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের কাছে উদ্বেগ জানানো হয়েছে এবং সেসব বিষয়ে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।
প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্থানে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যালট পাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটদানের এই পদ্ধতি প্রথমবার চালু হওয়ায় কিছু ভুল হতে পারে, তবে তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ হয়েছে—এমন ধারণাও তৈরি হয়েছে বলে জানান তিনি।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনকে এসব বিষয় স্পষ্টভাবে জানানো হয়েছে। কমিশনের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

