বিনোদন জগতে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত–অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর সেটি যদি হয় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ে, তাহলে আগ্রহ যে তুঙ্গে উঠবে— সেটাই স্বাভাবিক। বিয়ের আয়োজন, অতিথি তালিকা থেকে শুরু করে পোশাক— সবকিছু নিয়েই সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরে একই রঙের পোশাকে দেখা গেছে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে। ধারণা করা হচ্ছে, বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গোপনে রাজস্থানের উদয়পুরে পাড়ি দিয়েছেন এই তারকা জুটি।
সব মিলিয়ে দক্ষিণী এই প্রেমিক যুগলের বিয়ে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে পুরো আয়োজনটি একান্ত ব্যক্তিগত রাখতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এরই মধ্যে নাকি রিসেপশনের আমন্ত্রণপত্র সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে বলেও গুঞ্জন উঠেছে।
এদিকে জানা গেছে, সম্প্রতি প্রথমসারির একটি ওটিটি প্ল্যাটফর্ম বিয়ের ছবি ও ভিডিওর ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কিনতে প্রায় ৬০ কোটি টাকার প্রস্তাব দেয়। তবে সেই প্রস্তাব সোজাসাপ্টা প্রত্যাখ্যান করেছেন বিজয় ও রাশমিকা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, পবিত্র এই সম্পর্ককে কোনোভাবেই ব্যবসায়িক চুক্তিতে পরিণত করতে চান না তারা।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে রাজকীয় আয়োজনে চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির। বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ পারিবারিক রাখতে অতিথি তালিকা রাখা হয়েছে সীমিত— কেবল দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বসবে বিয়ের আসর। এমনকি অনুষ্ঠানস্থলে মোবাইল ফোন ব্যবহারের ওপরও থাকছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।
যারা ছবি তুলবেন, তাদের সঙ্গেও গোপনীয়তা রক্ষায় বিশেষ চুক্তি করা হয়েছে। ফলে উদয়পুরের বিয়েতে অন্য কোনো তারকার উপস্থিতি থাকছে না বলেই জানা গেছে।
তবে বিয়ের পর ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারকাখচিত গ্র্যান্ড রিসেপশন। সেখানে বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন আল্লু অর্জুন, রাম চরণ, এসএস রাজামৌলি, প্রভাসসহ বলিউডের খান, কাপুর ও বচ্চন পরিবারের একাধিক সদস্য।

