বাংলাদেশ ইস্যু নিয়ে সমালোচনার মুখে থাকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি এবার নতুন করে বিপাকে পড়েছে ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-ডব্লিউসিএ।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপের জন্য আইসিসি খেলোয়াড়দের কাছে যে ‘স্কোয়াড পার্টিসিপেশন টার্মস’ পাঠিয়েছে, তা ২০২৪ সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। নতুন এই শর্তাবলিকে খেলোয়াড়দের জন্য শোষণমূলক আখ্যা দিয়ে আইসিসিকে লিখিতভাবে নিজেদের উদ্বেগ জানিয়েছে ডব্লিউসিএ।
আইসিসি অভিযোগ অস্বীকার করে জানায়, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি নির্দিষ্ট সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল এবং এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের ক্ষেত্রে তা কার্যকর নয়।
তবে পাল্টা জবাবে ডব্লিউসিএ বলছে, আগের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল-খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের জন্যই ওই চুক্তির সুরক্ষা প্রযোজ্য হবে। ফলে বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ই সেই আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন।
ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট নতুন শর্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আইসিসির প্রস্তাবিত শর্তাবলি খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার ও সুরক্ষাকে মারাত্মকভাবে খর্ব করছে।
বিশেষ করে কনটেন্ট ও মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের বায়োমেট্রিক ডেটা এবং লাইসেন্সিং সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে সংগঠনটি।
ডব্লিউসিএ আরও অভিযোগ করেছে, একই বিশ্বকাপে বড় দলগুলো তুলনামূলক ভালো সুবিধা পেলেও ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের খেলোয়াড়দের কঠোর শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে। অথচ অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টই আয়ের প্রধান উৎস।
ডব্লিউসিএ জানিয়েছে, তারা ক্রিকেটের উন্নয়ন বা আইসিসি ইভেন্টের বিরোধী নয়। তবে খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই সেই লক্ষ্য অর্জন করতে হবে। সংগঠনটির দাবি, বিশ্বকাপে আইসিসিকে আগেই সম্মত পুরোনো শর্তগুলোই কার্যকর করতে হবে।

