অধিকাংশ ভোটকেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরাও থাকবে এবং কন্ট্রোল রুম থেকে সব কার্যক্রম মনিটর করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।
বৈঠকে এনসিপি নেতারা নির্বাচন নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও উদ্বেগ তুলে ধরেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাতে হবে এবং আইন অমান্যের সুযোগ কাউকে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে এবং এ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে।
গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবে প্রচারণা চালাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণকে “হ্যাঁ” ভোটের প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে এবং সব রাজনৈতিক দলকেও এ বিষয়ে আহ্বান জানানো হয়েছে।

