চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাবের কর্মকর্তা ও সদস্যরা। এ ঘটনায় আবদুল মোতালেব নামে চট্টগ্রাম র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আসামি গ্রেপ্তারে অভিযান চালাতে গেলে পতেঙ্গা ব্যাটালিয়নের র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। নিহত আবদুল মোতালেব র্যাবের উপসহকারী পরিচালক ছিলেন। তিনি বিজিবি থেকে ডেপুটেশনে র্যাবে যোগ দিয়েছিলেন।
একই ঘটনায় র্যাবের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

