নাটোরের সিংড়া উপজেলায় আয়েশা বেগম নামে এক বিধবা নারীর এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের একটি জমিতে ধান কাটার এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিধাখালী গ্রামের বাসিন্দা আয়েশা বেগম–এর স্বামী রওশন আলী দুই বছর আগে অসুস্থ হয়ে মারা যান। এরপর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। চলতি মৌসুমে নিজের এক বিঘা জমির পাশাপাশি বর্গা নিয়ে আরও এক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেন।
তবে টানা বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে তার জমির ধান কাটতে সমস্যা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটায় অংশ নেন। পরে কাটা ধান আয়েশা বেগমের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
আয়েশা বেগম জানান, অন্যের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে তিনি জমিতে চাষাবাদ করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে শ্রমিক না পাওয়ায় ধান ঘরে তুলতে দুশ্চিন্তায় ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা এগিয়ে আসায় তিনি স্বস্তি প্রকাশ করেন।
জয়নাল আবেদীন বলেন, চলতি বছর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চলনবিল অঞ্চলে ধান কাটার উৎসবের পরিবেশ ছিল না। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম–এর নির্দেশনায় তারা এক মাস ধরে কৃষকদের পাশে থেকে কাজ করছেন।
তিনি আরও বলেন, আত্রাই নদীর জোরমল্লিকা বাঁধ নির্মাণসহ বিভিন্ন কৃষি সহায়তামূলক কর্মকাণ্ডেও স্থানীয় নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
শেরকোল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সিহাব উদ্দিন বলেন, সাধারণ মানুষের বিপদে পাশে থাকার জন্য বিএনপি নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে।

