জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সায়েন্সল্যাব এলাকায় যাওয়ার পরিবর্তে তারা ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের মূল ফটকের বাম পাশে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হচ্ছে। মঞ্চের চারপাশে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি দেখা যায়নি।
ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, জনদুর্ভোগ এড়াতেই সায়েন্সল্যাব ব্লক কর্মসূচি থেকে সরে আসা হয়েছে। শান্তিপূর্ণ ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ঢাকা কলেজের সামনে প্রধান মঞ্চে গান, কবিতা ও আলোচনা কর্মসূচির মাধ্যমে অধ্যাদেশ জারির গুরুত্ব তুলে ধরা হবে। এই মঞ্চে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ যৌথভাবে আলাদা একটি মঞ্চ স্থাপন করবে। তিতুমীর কলেজ ও সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ ক্যাম্পাসের সামনে পৃথক মঞ্চ স্থাপন করে কর্মসূচিতে অংশ নেবেন।
শিক্ষার্থীরা জানান, এসব কর্মসূচি আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

