পোস্টাল ব্যালটে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের জানান, তিনটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে। কমিশনের অনুরোধে আজকের মতো কর্মসূচি সাময়িকভাবে সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা আমাদের অভিযোগগুলোর বিষয়ে আশ্বাস পেয়েছি। আরও আশ্বাসের প্রত্যাশায় কেন্দ্রীয় সংসদের আলোচনার ভিত্তিতে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন যদি জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে কিংবা নির্বাচনকালীন সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে ছাত্রদল আবারও মাঠে নামবে। দুই দিনের কর্মসূচির মাধ্যমেই ছাত্রদল তাদের সক্ষমতা দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। ভবিষ্যতে কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

