গল্প নয়, সত্যি ঘটনা। রূপকথার মতো শোনালেও বাস্তবে জলহস্তীর মুখ থেকে অলৌকিকভাবে জীবিত ফিরে এসেছে মাত্র দুই বছরের এক শিশু।
ঘটনাটি ঘটে ২০২২ সালের ডিসেম্বরে উগান্ডার পশ্চিমাঞ্চলের এডওয়ার্ড হ্রদের তীরবর্তী এলাকায়। পল ইগা নামে দুই বছরের শিশুটি বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ হ্রদের পানি থেকে উঠে আসে একটি বিশাল জলহস্তী। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি শিশুটিকে মুখে তুলে গিলে ফেলে।
চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা। চিৎকার আর কান্নায় চারপাশ ভারী হয়ে উঠলেও প্রায় তিন হাজার কেজি ওজনের হিংস্র প্রাণীর সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলেন না কেউ।
ঠিক সেই সময় সাহসিকতার পরিচয় দেন ক্রিসপাস বাগনজা নামে এক যুবক। শিশুটিকে বাঁচাতে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে জলহস্তীর সামনে দাঁড়িয়ে যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আশপাশে পড়ে থাকা বড় বড় পাথর তুলে জলহস্তীকে আঘাত করতে থাকেন তিনি। একপর্যায়ে আতঙ্কিত হয়ে জলহস্তী শিশুটিকে মুখ থেকে বের করে দ্রুত হ্রদের দিকে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের চেষ্টায় শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে ছোট্ট পল ইগা।

