গাজীপুরের টঙ্গীতে জাবান হোটেল অ্যান্ড বারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় হোটেল কর্মচারী, নিরাপত্তাকর্মী, এলাকাবাসীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে টঙ্গীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন হোটেলের নিরাপত্তাকর্মী দারুল (২৮), কর্মচারী রাসেল (২৬) এবং এলাকাবাসী শ্যামল (৪০)। অপরদিকে সংঘর্ষে কথিত কিশোর গ্যাং সদস্য ভাদাইম্মা সবুজ (৩০), জাকির ও সানি আহত হন।
হোটেল সূত্রে জানা যায়, ভোররাতে হোটেল বন্ধের সময় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফোনের মাধ্যমে ডেকে এনে টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা হোটেলের সামনে এসে হামলা চালায় এবং ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায়।
পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে হোটেল কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা আহত হন এবং কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
হোটেলের মালিক সায়মন খান অভিযোগ করে বলেন, কিশোর গ্যাংয়ের নেতৃত্বে ১০–১৫ জন এসে হোটেলে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

