কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে এবার আলোচনায় এসেছে এক ব্যতিক্রমী জুটি—‘শালা’ ও ‘দুলাভাই’ নামের দুটি গরু। হাস্যরসাত্মক এই নামকরণ ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে কৌতূহল, ভিড় ও উৎসবমুখর পরিবেশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-এর ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্ম লিমিটেড-এ রাখা হয়েছে এই দুটি গরু।
খামার সূত্রে জানা গেছে, গরু দুটির নাম রাখা হয়েছে মালিকপক্ষের মজার সম্পর্কের ধারণা থেকে। বাস্তব জীবনে ‘শালা–দুলাভাই’ সম্পর্ক থাকায় হাস্যরস করেই এই নাম দেওয়া হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
খামার কর্তৃপক্ষ জানায়, ‘শালা’ নামের গরুটির ওজন প্রায় ৬২৫ কেজি এবং ‘দুলাভাই’ নামের গরুটির ওজন প্রায় ৬২৮ কেজি। দুইটি গরুর বয়স প্রায় তিন বছর।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খামারে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করছেন। বিশেষ করে তরুণদের মধ্যে এই জুটিকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
দর্শনার্থীরা বলছেন, সাধারণ গরুর হাটের পরিবেশের বাইরে এমন নাম ও উপস্থাপনা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
খামারিরা জানান, গরু দুটিকে বিশেষ যত্নে বড় করা হয়েছে। খাদ্য তালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, গমের ভুসি, তিলের খৈল, খড় ও সবুজ ঘাস। নিয়মিত পরিচর্যা ও যত্নের মাধ্যমে ঈদের বাজারের জন্য প্রস্তুত করা হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জে মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘বেনিয়ামিন নেতানিয়াহু’ রাখার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘শালা–দুলাভাই’ জুটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

