নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়া উম্মে হানি (৩) নামের এক শিশুকে দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে ১৫ মে শিবপুর উপজেলার কলেজপাড়া এলাকা থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় শরিফা খাতুন নামে এক নারী। শিশুটির পরিবার জানায়, একই বাসায় ভাড়ায় থাকার সুবাদে শরিফা খাতুনের সঙ্গে তাদের পরিচয় হয়। পরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শিশুটির মা শিবপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।
অভিযানে হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং শরিফা খাতুনকে আটক করা হয়। এ ঘটনায় তার স্বামীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবপুর মডেল থানার ওসি মো. কোহিনুর মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

