রংপুরের পীরগাছা উপজেলায় পরিবারের অমতে প্রেম করে বিয়ে করায় নুশরাত জাহান নুপুর (২০) নামে এক অন্তঃসত্ত্বা তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার আপন ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামের খালিদ হাসান মিলু (২৫) ও তার স্ত্রী দিলরুবা আক্তার দিসা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দি ইউনিয়নের স্বতন্ত্রা গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে নুশরাত জাহান নুপুরের সঙ্গে একই ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের আহাদ আলীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় আট মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করেন। তবে এই বিয়ে নুপুরের পরিবার কোনোভাবেই মেনে নেয়নি।
মামলার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি তিন মাসের অন্তঃসত্ত্বা নুপুরকে বাবার বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে নেওয়া হয়। সেখানে প্রেম করে বিয়ের বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাই মিলু ও ভাবি দিসা মিলে নুপুরকে মারধর করেন।
অভিযোগ অনুযায়ী, পেটে ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নুপুরের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে তার স্বামী আহাদ আলীকেও মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত নুপুরের স্বামী আহাদ আলী বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পীরগাছা থানার ওসি মহিবুল ইসলাম মুন বলেন, ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছিল। সম্প্রতি ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে তরুণীকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও বলেন, “এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ভাই-ভাবিকে গ্রেপ্তার করে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

