বরিশালে অটোচালক নাজমুল হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের পর বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন দিয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৭ জুন) দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এর আগে সোমবার বরিশাল নগরীর কালিজিরা নদী থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিশ্চিত করা হয়, নিহত ব্যক্তি অটোচালক নাজমুল (৩০), তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি গ্রামের আব্দুল রসিদ মোল্লার ছেলে।
লাশ উদ্ধারের পর নিহতের বাবা রসিদ মোল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— রুস্তম আলি খানের ছেলে সাইফুল ইসলাম, ইউনুস হাওলাদারের ছেলে মিরাজ হোসেন শুভ, রিয়াজ হোসেনের স্ত্রী কামরুন নাহার এবং ইউনুসের স্ত্রী ফরিদা বেগম।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের বাড়িতে ক্ষুব্ধ স্থানীয়রা হামলা চালিয়ে ঘরবাড়ি ও স্থাপনা ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

