রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোছা. শিরিন সুলতানা (৩৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল আড়াইটার দিকে ভাটারা বিজয়পত্র বাঁশতলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিরিন সুলতানা নারায়ণগঞ্জ সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মামুন মোর্শেদের স্ত্রী। তার বাবার নাম মৃত আব্দুল কাদের। গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভূঁইয়াবাড়ী গ্রামে। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে ভাটারা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের স্বামী মামুন মোর্শেদ জানান, প্রায় পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। শিরিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসাও নিচ্ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। নামাজ শেষে ফিরে এসে দেখেন বাসার মূল গেট ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালার কাছ থেকে চাবি এনে ঘরে প্রবেশ করেন।
ঘরে ঢুকে তিনি দেখতে পান, শিরিন সুলতানা বেডরুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।
পরে বাড়িওয়ালার সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ভাটারা থানাকে অবহিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

