সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রলার থেকে প্রায় ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই অভিযানে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ড জানায়, অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় বোট তিনটি থেকে ৩৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা হাতিয়া ও সন্দ্বীপ এলাকার বিভিন্ন স্থান থেকে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
কোস্টগার্ড আরও জানায়, চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

