সিলেটে নিজ বাড়ির ছাদে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক খুনের ঘটনায় তার ছেলে আসাদ আহমদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে হত্যা মামলায় বাদী হতে রাজি হয়নি নিহতের পরিবার। তাই পুলিশ বাদী হয়েই মামলা করেছে। মামলায় রাজ্জাকের ছেলে আসাদকে প্রধান আসামি করে পরিবারের তিন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।
শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে দক্ষিণ সুরমার নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার ছেলে আসাদ আহমদকে আটক করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়। কিন্তু আসাদ ও পরিবারের অন্য কেউই হত্যাকাণ্ড সম্পর্কে মুখ খোলেননি। এমনকি তারা মামলা করতেও অস্বীকৃতি জানান। এই অবস্থায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করে।
পুলিশের ধারণা, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পরিবারের সদস্যরা বলছেন, আব্দুর রাজ্জাক মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে হত্যা করা হয়নি। নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

