মাত্র ২২ ঘণ্টায় ভোটারদের কাছ থেকে ৩৭ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এই অনুদান সংগ্রহের মাধ্যমে তিনি তার নির্বাচনী ব্যয় মেটাতে সাহায্য পাচ্ছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি লিখেন, “মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন! ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই।”
তিনি আরও লেখেন, “আমার নির্বাচনী আসন ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা)। এখানে একজন প্রার্থী খরচ করতে পারবেন মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। এই টাকাটা উত্তোলন করাই আমার লক্ষ্য। তাই আর মাত্র ৯ লাখ টাকা সংগৃহীত হওয়া মাত্রই আমরা এই ফান্ডরেইজিং ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেব।”
এনসিপি নেতা তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার সমর্থকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রিপোর্ট : জেড.এস

