যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই ভেঙে গেছে। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরায় আলোচনায় অগ্রগতি অর্জন সম্ভব হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।
আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশই একে অপরকে দায়ী করেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এর ফলে সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতি টিকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত বুধবার (৮ এপ্রিল) কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর কঠোর হুঁশিয়ারির প্রেক্ষাপটে। তিনি ইরানের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ পদক্ষেপের হুমকি দিয়েছিলেন বলে জানা যায়। এমন উত্তেজনাপূর্ণ পরিবেশেই দুই দেশের মধ্যে আলোচনার সূচনা হয়।
এদিকে, বিবিসির সংবাদদাতা জো ইনউড জানিয়েছেন, নতুন করে হামলা শুরুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কা স্পষ্টভাবে বেড়েছে। বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি সেই শঙ্কাকে আরও জোরদার করছে।
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন—যুদ্ধবিরতি কি টিকবে, নাকি আবারও সংঘাত শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক উদ্যোগ দ্রুত পুনরায় শুরু না হলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

