পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়-এর গাড়িকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিয়েছেন বিরোধী দল (বিজেপি) কর্মী-সমর্থকেরা। সোমবার বিকেল সাড়ে ৩টার কিছু পর কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছান তিনি।
ঘটনার সময় কেন্দ্রের বাইরে আগে থেকেই বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল বলে জানা গেছে। মমতার আগমনের মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁর গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হয় স্লোগান।
এর আগে গণনাকেন্দ্রের কাছাকাছি একটি পেট্রল পাম্প এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা অবস্থান নেন। সেখানে উপস্থিত ছিলেন দলটির রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পরে পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে বলে জানা যায়। একই সময়ে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিজেপি সমর্থকেরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছান এবং সেখানে চেয়ার ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
এরপর বিজেপি সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। নিরাপত্তা বাহিনী পরে তাদের সরিয়ে দেয় এবং গণনাকেন্দ্র এলাকা থেকে দূরে নিয়ে যায়।
এদিকে ভবানীপুর বিধানসভা আসনে মোট ২০ দফায় ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ১২টি রাউন্ডের ফল ঘোষণা হয়েছে। শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে, যেখানে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনও বিজেপির শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। পরবর্তী রাউন্ডগুলোতে ব্যবধান ওঠানামা করলেও চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি।

