বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দায়িত্ব নেওয়ার পর সাবেক ক্রিকেটারদের সম্মান জানাতে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন তামিম ইকবাল।
মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, জাতীয় দলের সাবেক অধিনায়কদের জন্য ইতোমধ্যে ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করা হয়েছে। এবার সাবেক ক্রিকেটারদের নামে স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ড নামকরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের নামে স্ট্যান্ড করা উচিত, তবে এ ক্ষেত্রে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ একজনের নাম দিলে অন্য কেউ বঞ্চিত বোধ করতে পারেন বা আপত্তি উঠতে পারে। তাই একটি নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
তামিম আরও বলেন, শুধু নিজের শহরের খেলোয়াড়দের নাম রাখা হবে নাকি জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নাম জাতীয় স্টেডিয়ামে থাকবে—এ বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি ক্রিকেট সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদেরও এই সম্মানের আওতায় আনার কথা ভাবা হচ্ছে।
তিনি সাবেক ক্রিকেটারদের মূল্যায়নের ক্ষেত্রে শুধুমাত্র পরিসংখ্যানকে মানদণ্ড না করার ওপর জোর দেন। তাঁর মতে, কোনো খেলোয়াড়ের ব্যাটিং গড় ১০ হলেও সেই সময় তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাই অবদান ও ভূমিকা বিবেচনায় নিয়েই সম্মান জানানো উচিত।
তামিম বলেন, “পরিসংখ্যান বা অন্য যেকোনো মানদণ্ডের ঊর্ধ্বে গিয়ে ক্রিকেটারদের সম্মান করা আমাদের দায়িত্ব। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কোন জায়গায় কার নাম দেওয়া যায়, সেই কাজটি আমরা সম্পন্ন করতে চাই।”
তিনি আরও জানান, বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদে বিষয়টি সম্পন্ন করা সম্ভব নাও হতে পারে, তবে ভবিষ্যতে নির্বাচিত কমিটি এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে বলে তিনি আশাবাদী।

