সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন (ইউএভি) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবার (৮ মে) এই ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় অন্তত তিনজন ব্যক্তি মাঝারি ধরনের আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, সাম্প্রতিক সময়ে ইরান থেকে বিভিন্ন সময় চালানো হামলার প্রেক্ষিতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৩টি ড্রোন ধ্বংস করেছে।
ইউএই কর্তৃপক্ষ এসব হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করে জানিয়েছে, দেশের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যা সামগ্রিক স্থিতিশীলতার ওপর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

