বিশেষ চাহিদাসম্পন্ন খুদে উদ্ভাবক ও কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত–এর তৈরি স্মার্ট গাড়িতে চড়েছেন তারেক রহমান।
শনিবার রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়–এ রিফাত তার উদ্ভাবিত গাড়িটি চালিয়ে দেখান। এ সময় প্রধানমন্ত্রীর পাশেই বসে গাড়িটি পরিচালনা করেন তিনি।
গাড়ি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে গাড়ি তৈরির অভিজ্ঞতা, প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এ সময় রিফাত জানান, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করা সম্ভব। তার ভাষ্য অনুযায়ী, এই গাড়ি শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নয়, বয়স্ক ব্যক্তিদের চলাচলেও সহায়ক হতে পারে।
রিফাত চৌগাছা শহরের ব্রাকপাড়া এলাকার বাসিন্দা এবং আবু খায়েরের ছেলে।
জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে ভোগান্তির শিকার হয়ে ব্যতিক্রমধর্মী একটি গাড়ি তৈরির পরিকল্পনা করেন রিফাত। তার লক্ষ্য ছিল এমন একটি যান তৈরি করা, যা মানুষের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এতে রিফাতের মতো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে গাড়ি চালাতে পারবেন।
স্বপ্ন বাস্তবায়নে স্কুলজীবনের টিফিনের টাকা জমিয়ে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন “এটু আই স্মার্ট গাড়ি” প্রকল্পের কাজ। প্রায় দুই থেকে তিন বছর সময় নিয়ে গাড়িটি তৈরি করেন তিনি। টিফিনের টাকার পাশাপাশি ঈদের সেলামি ও পরিবারের সহযোগিতাও ছিল এই উদ্ভাবনের পেছনে।
রিফাতের বাবা আবু খায়ের শুধু আর্থিক সহায়তাই করেননি, নিজের পেশাগত কাজের ফাঁকে ছেলের উদ্ভাবনী কাজে শ্রম দিয়েও পাশে ছিলেন।

