বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী শিক্ষার্থীরা তিন দফা দাবিতে কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে—বন্যাকবলিত পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ভুলের সমাধান এবং শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ।
এদিকে জাতীয় সংসদে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, যেসব কেন্দ্রে ভুলত্রুটি বা সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চেয়েও সরকার তাদের পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বেশি উদ্বিগ্ন। বর্ষা মৌসুমে পরীক্ষা নেওয়া নিয়ে সরকারও চিন্তিত ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়েই পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু রেখেছে।
মন্ত্রী আরও বলেন, কোনো পরীক্ষা কেন্দ্রে পানি ওঠার তথ্য পাওয়া মাত্র স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে কিছু কেন্দ্রে সমস্যা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়েছে।
তিনি বলেন, প্রশাসনের কোনো গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে বা ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি যাচাই করে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম বোর্ডের মতো প্রয়োজন হলে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের পথ পরিহার করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে না এবং প্রতিকূল পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

